Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ফান্ডের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩

ডা. তাসনিম জারা।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংগ্রহ করা টাকা দাতাদের ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

জনহিতকর কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দাতাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে তার এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা উল্লেখ করেন, নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পর এখন যারা তাদের পাঠানো অনুদান ফেরত পেতে চান, তারা কোনো প্রকার দ্বিধা ছাড়াই আবেদন করতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে তিনি ব্যাংক এবং বিকাশ। উভয় মাধ্যমেই টাকা ফেরত দেওয়ার জন্য পৃথক দুটি অনলাইন ফরমের লিংক শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, যারা সরাসরি ব্যাংকে গিয়ে ক্যাশ জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে ডিপোজিট স্লিপ খুঁজে পাচ্ছেন না, তারাও অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করে অর্থ ফেরত দেওয়া হবে। তহবিলের টাকা ফেরত পেতে আগ্রহী ব্যক্তিদের আগামী ১০ মার্চের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।

পোস্টের শেষাংশে ডা. তাসনিম জারা ভোটার ও সমর্থকদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই তার মূল শক্তি। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান ঘোষণা করার পর থেকেই ডা. তাসনিম জারা বিভিন্ন মহলে আলোচনায় রয়েছেন। তার এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ইতিবাচক এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর