ঢাকা: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া উপ-নির্বাচনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান, দলের উচ্চপর্যায় থেকে রেজাউল করিম বাদশাকেই সদর আসনের জন্য যোগ্য মনে করা হয়েছে।
দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল যে, তারেক রহমানের ছেড়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আসনে জিয়া পরিবারের কোনো সদস্য প্রার্থী হতে পারেন। তবে দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে আগেই জানানো হয়েছিল যে, জিয়া পরিবারের কেউ এবার উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন না। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় স্থানীয় নেতৃত্বের ওপর আস্থা রেখে অভিজ্ঞ রাজনীতিক রেজাউল করিম বাদশাকেই নির্বাচনি লড়াইয়ে নামাল বিএনপি।