ঢাকা: বিএনপি এক সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছিল এবং বর্তমানে তারা ‘জুলাই সনদে’র বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের নির্বাচনি ইতিহাস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই বিশ্লেষণধর্মী তথ্য তুলে ধরেন।
সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন যে, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত দেশে চারটি নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন হয়েছিল বিএনপির অধীনে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের অধীনে। তিনি দাবি করেন, এই চারটি নির্বাচনের একটিও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এর বিপরীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০২৩ সালের নির্বাচনগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে সম্পন্ন হয়েছে এবং সেগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে।
তিনি আরও বলেন, যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আসে, তখন বিএনপি এর বিরোধিতা করেছিল এই যুক্তিতে যে এটি গণতন্ত্র বা সংবিধানে নেই এবং নিরপেক্ষ বলতে আসলে কেউ নেই। পরবর্তীতে বিচারপতি খায়রুল হক এই বিধান সংবিধান থেকে বাদ দিয়ে দেন এবং বর্তমান সময়ে সালাহউদ্দিন আহমেদের মতো নেতারাও অনুরূপ যুক্তি প্রদান করছেন। অথচ সারজিস আলমের মতে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে একটি নির্বাচনও সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।
ফেসবুক পোস্টে তিনি বিএনপির বর্তমান অবস্থানের সমালোচনা করে বলেন, দলটি অতীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল, আজ ঠিক একইভাবে জুলাই সনদেরও বিরোধিতা করছে। রাজনৈতিক এই বৈপরীত্যকে তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেছেন।