Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় জোড়া খুনের ঘটনায় ৩ বিএনপি সদস্যকে বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:০৯

বিএনপির লোগো।

ঢাকা: পাবনার সুজানগর উপজেলায় দলীয় অভ্যন্তরীণ কোন্দল, সন্ত্রাস ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিন বিএনপি সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির কর্মী ইসলাম খান, চান্দু খান ও সান্টু খান।

মূলত দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই বহিষ্কারাদেশের নেপথ্যে রয়েছে সোমবার (২৩ মার্চ) সকালে ঘটে যাওয়া এক নৃশংস সংঘর্ষের ঘটনা। উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি হয়। দীর্ঘদিনের বিরোধের জেরে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং স্থানীয় বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শুকুর আলীর স্ত্রী চায়না খাতুন (৪০) প্রাণ হারান। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন পরের দিন মঙ্গলবার মুনছুর খাঁ (৬০) নামে আরও এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, ঘটনার সূত্রপাত হয় মূলত আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে। সংঘর্ষের আগের দিন রাতেও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছিল। পরদিন সকালে একপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে যাওয়ার পথে অন্য পক্ষকে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোলাগুলিতে ২ জন নিহতের পাশাপাশি অন্তত ১০ জন আহত হন এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। দলের মধ্যে এমন অরাজক পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার অংশ হিসেবেই এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর