ঢাকা: বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নানা প্রতিকূলতা ও জরুরি সংকটে সমন্বিত সহায়তা করার লক্ষ্যে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’ গঠন করা হয়েছে। ন্যাশনালিস্ট কালচারাল প্যানোরামা (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে এই বিশেষ সেলটি যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রেস বিবৃতির মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে এই বিশেষ সেলটি গঠিত হয়েছে।
এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এ ছাড়া রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা হিসেবে ফয়সাল মাহমুদ শান্ত এবং আইনিবিষয়ক উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা যুক্ত রয়েছেন। প্রশাসনিক ও সাংগঠনিক বিভিন্ন স্তরে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আয়মান রাহাত, রাসেল মোল্লা ও নাভিদ নওরোজ এবং সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই কমিটিতে গুরুত্বপূর্ণ সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ফ্রান্সের হোসাইন রেজওয়ান হিমেল, কাতারের এস এম কবির ফরহাদ, কুয়েতের মেহেদী হাসান, নরওয়ের আমজাদ হোসাইন, যুক্তরাজ্যের মেহেদী মোহাম্মদ, কানাডার নাইমুর মাহের, অস্ট্রেলিয়ার নিহাল হোসাইন, রাশিয়ার চম্পা আক্তার এবং মালয়েশিয়ার আজহার উদ্দিন সৈকত।
বিবৃতিতে জানানো হয়েছে, এই সেলের মাধ্যমে প্রবাসীরা জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা পাবেন। এ ছাড়া প্রবাসী পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধ, আইনি ও প্রশাসনিক পরামর্শ এবং মানবিক সহায়তার জন্য ফান্ডরেইজিং করা হবে। মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ছাড়াও দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করবে এই সেল। প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ক্যারিয়ার পরামর্শ, নারী ও শিশুদের অনলাইন সেফটি নিশ্চিত করা এবং বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখবে। মানব পাচার প্রতিরোধে পরামর্শ ও সহায়তার পাশাপাশি সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনাও দিবে এই কমিটি।
প্রবাসীরা যেকোনো জরুরি প্রয়োজনে ২৪/৭ হেল্পলাইন ইমেইল [email protected] অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এ বিষয়ে কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল বলেন, প্রতিটি প্রবাসী একে অপরের আপনজন এবং একজনের কষ্টে সবার পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই এই সেলের সৃষ্টি। সংকটে কোনো প্রবাসী যেন নিজেকে একা মনে না করেন, সেই লক্ষ্যেই তারা ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে প্রবাসীদের সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।