Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদী হয়ে উঠতেই গণভোট অস্বীকার করা হচ্ছে: এটিএম আজহারুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২০:৪৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার অনাকাঙ্ক্ষিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, আর কারও হবে না।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর ভাটারার স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে। যা জুলাই বিপ্লব ও জুলাই চেতনার সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। মূলত, সরকার এখন জনগণের সঙ্গে রীতিমত প্রতারণার আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের মনে রাখা উচিত ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার জুলাই সনদ অস্বীকার করে গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। ৪ কোটি ৮০ লাখ মানুষ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে স্বতঃস্ফূর্ত রায় প্রদান করেছে। তাই জনগণ বিনা চ্যালেঞ্জে সরকারকে ছেড়ে দেবে না বরং দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে।

মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন ও মু. আতাউর রহমান সরকার প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর