ঢাকা: ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে দেখতে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
হাসপাতাল পরিদর্শনকালে ডা. মনোয়ারুল কাদির বিটু সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন। তিনি আদনানের বর্তমান শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার প্রক্রিয়াগুলো সম্পর্কে অবগত হন। পরে তিনি হাসপাতালে অবস্থানরত আদনানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং আদনানের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফরিদপুরে অবস্থানকালে হঠাৎ তীব্র হৃদরোগে আক্রান্ত হন সৈয়দ আদনান হোসেন অনু। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য অতিদ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।