Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২২:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে। গণভোটে দেশের ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, জনগণের সঙ্গে প্রতারণাও করছে।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে হ্যাঁ ভোট চেয়েছে। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোট মানে না।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট বাতিল করার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী নিজের দেওয়া ভোটকে নিজে অস্বীকার করছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি সংসদে দাঁড়িয়ে বলেন, আপনি গণভোটে “হ্যাঁ’’ ভোট দিয়েছেন নাকি “না” ভোট দিয়েছেন! যদি হ্যাঁ ভোট দিয়ে থাকেন তবে গণভোট বাতিল করার অর্থ হচ্ছে আপনি (প্রধানমন্ত্রী) নিজের দেওয়া ভোটকে নিজে অস্বীকার করছেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসেছি। সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে। সরকারের যাত্রা দেখে মনে হয় সরকার ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করছে। তিনি জনগণের মুখোমুখি না হতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদের পরিচালনায় গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল হক চাঁন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত নেতারা, রাজধানীর শাহবাগে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর