Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন
প্রথমদিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫৭৮

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২২:৪৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১০:২৮

কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কার্যক্রমের প্রথম দিনেই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ৫৭৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচেপড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকেই নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। এই তিন দিনের মধ্যেই ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

ফরম সংগ্রহের প্রথম দিনেই ডা. জেরিন দেলোয়ার হোসেন, ফাতেমা আসাদ, নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা এবং সাবিনা খানসহ কয়েকশ নেত্রী লাইনে দাঁড়িয়ে ২ হাজার টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করেন। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও প্রথম দিনে ৫২ জন নারী প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন, যারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, সংসদীয় বিতর্কে পারদর্শিতা এবং সামগ্রিক রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করেই দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।

তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২১ এপ্রিল মনোনয়ন দাখিলের শেষ দিন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। আসন বণ্টন অনুযায়ী এবারের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি এবং জামায়াতে ইসলামী ১৩টি আসন পেতে যাচ্ছে। বর্তমানে দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরের নারী নেত্রীদের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর