ঢাকা: ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের পক্ষে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করবেন। আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ফেনী সদর ১৩ নম্বর ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজারের নিহত যুবদল নেতা হারুনুর রশিদ ২০১৩ সালের ৪ ডিসেম্বর হরতালের পক্ষে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হারুনুর রশিদকে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমরা বিএনপি পরিবার এই বাড়ি নির্মাণের কাজটা তদারকি করবে। আমরা বিএনপি পরিবার সারাদেশে বিপদগ্রস্ত অসহায় মানুষদের মানবিক সহায়তা দিয়ে আসছেন। আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দায়িত্ব পালন করছেন। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।