Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনে বিএনপির ফরম বিক্রি ১১০০টি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২৩:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেতে ইচ্ছুক এক হাজার ১০০ প্রার্থী ফরম নিয়ে নয় শতাধিক জমা দিয়েছেন বলে জানা গেছে।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় দলের সহ-দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এখনো মনোনয়ন ফরম জমা পড়ছে। এই পর্যন্ত নয়শ’র ওপরে ফরম জমা পড়েছে। জমাদান আমরা ওপেন রেখেছি। সকালে গণনা করে আপনাদের জমার ফিগার জানানো হবে।’

গত শনিবার থেকে বিএনপি নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করে। তিনদিনে ১১০০ ফরম নিয়েছে নারী নেত্রীরা। সারা দেশ থেকে মহিলা দল ও বিএনপির নেত্রীরা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজেরা ফরম সংগ্রহ করে।

বিজ্ঞাপন

প্রতিটি ফরম দুই হাজার টাকা মূল্যমানে বিক্রি করা হয়। ফরম পুরণ করে জমা দেওয়ার সময় মনোনয়ন ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়েছে।

এদিকে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আজ ফরম জমা দেবার শেষ দিন। আমরা প্রত্যাশা করছি যে, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করে, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হবে। অর্থাৎ এখন দলের নীতিনির্ধারণী ফোরাম পার্লামেন্টারি বোর্ডের কাছে এসব ফরম যাবে। তারাই সিদ্ধান্ত নেবেন কি প্রক্রিয়ায় প্রার্থী বাছাই হবে।’

এর আগে গত ৮ এপ্রিল সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা পাবে একটি আসন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর