ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।
মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
সেলিনা সুলতানা নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেওয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট দশটি নির্বাচনের মতো না।
তিনি আরও বলেন, অনেককে গুম-খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।
তিনি বলেন, এখন বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা আছে। তবে তা যৌক্তিক ও শালীন হতে হবে।
তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি তিনি ধন্যবাদ জানান।
তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।