Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে জুলাই শহিদদের প্রতিনিধি হতে চান শিশু জাবিরের মা রোকেয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

জামায়াত জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুলাই শহিদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম সংসদ অধিবেশনে শহিদদের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এই অনুভূতির কথা জানান।

রোকেয়া বেগম জানান, শহিদ পরিবারের কষ্ট কেউ কোনোদিন পুরোপুরি ঘোচাতে পারবে না, তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি তার নিজের মতো সব শহিদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই বিপ্লবের সংগ্রামীদের না বলা কথাগুলো জোরালোভাবে তুলে ধরতে চান।

‎আন্দোলনের স্মৃতি চারণ করতে গিয়ে তিনি জানান, রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় মাত্র ৬ বছর বয়সে তার সন্তান জাবির শহিদ হয়। ৫ আগস্ট লং মার্চের ডাকে সাড়া দিয়ে তারা পরিবারের সবাই মিলে সকালে রাস্তায় নেমেছিলেন এবং সেই উত্তাল সময়েই জাবিরকে হারান। তখন প্রতিটি দিন চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটলেও তাদের পরিবারের জা, দেবরসহ সকল আত্মীয়স্বজন দেশের প্রয়োজনে রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দেওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রোকেয়া বেগম বলেন, দল শহিদ পরিবারের ত্যাগকে সম্মান জানিয়ে একটি আসন ছেড়ে দিয়েছে। আমাকে যে অনন্য সম্মান ও দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি যথাযথভাবে পালন করতে এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর