Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনে কে এই মাহবুবা হাকিম

মো. মহসিন হোসেন স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:৫৭

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিম। প্রতীকী ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম ১১দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস দু’টি আসনে বিজয়ী হয়েছে। ফলে সংরক্ষিত নারী আসনে তাদের কোনো মনোনয়ন পাওয়ার কথা না। কিন্তু জামায়াতে ইসলাম তাদের একটি আসন ছেড়ে দিয়েছে। সেই আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মাহবুবা হাকিম নামে একজন নারীকে মনোনয়ন দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ১১দলীয় ঐক্যের পক্ষ থেকে ১৩জনের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় এই মাহবুবা হাকিমের নাম দেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কে এই ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি সারাবাংলাকে বলেন, ‘ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম একজন দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ ও দ্বিনি খিদমতে নিয়োজিত সমাজসেবী ব্যক্তিত্ব। জাতীয় সংসদে তিনি দেশ ও দেশের মানুষের জন্য অবদান রাখতে পারবেন। সেজন্য তাকে আমরা মনোনয়ন দিয়েছি।’

তিনি খেলাফত মজলিসের কোন পর্যায়ের নেতা? জানতে চাইলে জালালুদ্দিন বলেন, ‘আমাদের দলের নারী শাখা এখনো সাংগঠনিকভাবে কাজ শুরু করেনি। তবে ভবিষ্যতে আমরা নারী সংগঠন করার চিন্তা করছি। আমরা যখন নারী সংগঠন তৈরি করব তখন এই মাহবুবা হাকিম সেখানে কাজ করবেন। এখনো তিনি আমাদের দলের হয়ে কাজ করেন। তবে তার কোনো পদ-পদবি নেই।’

মাহবুবা হাকিমের স্বামী কি আপনাদের দলের কোনো পদে আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না তিনি আমাদের দলের কোনো পদে নেই। তবে তিনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। ব্যক্তিগত জীবনে মাহবুবা হাকি দুই সন্তানের জননী। তার স্বামী ডা. আউলাদ হোসাইন একজন প্রখ্যাত মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক।’

বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার বাদামতলীতে এক রাজনৈতিক সচেতন ও আদর্শিক পরিবারে জন্মগ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠা মাহবুবা হাকিম শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন । পরবর্তী সময়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি টেক্সটাইল খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান—টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলে তার রয়েছে বিশেষ দক্ষতা।

বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে পবিত্র কুরআনের খিদমতে নিয়োজিত আছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনে তিনি সেরা আবৃত্তিকার, বিতার্কিক ও বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন।

পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে একজন যোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রার্থী বলে জানিয়েছে তার দল। দেশ, দ্বিন ও মানুষের কল্যাণে তার এই পথচলায় তিনি সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

বিজ্ঞাপন

আরো

মো. মহসিন হোসেন - আরো পড়ুন
সম্পর্কিত খবর