চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম বলেছেন, ছাত্রদলকে চাপাতি দিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার রাজনীতি আমরা করতে দেব না।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি দেওয়া শেষে তিনি এ দাবি জানান।
সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থী পরিচয়ে বহিরাগতদের নিয়ে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে হামলা চালানো হয়েছে। এতে ছাত্রশিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত এক নেতার পায়ের গোড়ালি চাপাতির আঘাতে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বহিরাগত সন্ত্রাসীদের এনে হকিস্টিক, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল নতুন করে কোনো বয়ান তৈরি করতে পারেনি। আগের যে ফ্যাসিবাদের বয়ান, সেটি তৈরি করার চেষ্টা করছে। এই বয়ান দিয়ে তারা রাজনীতি করতে পারবে না। চাপাতি দিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার রাজনীতি আমরা করতে দেব না।’
সাদিক কায়েম বলেন, ‘হামলার সময় পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আগাম ব্যবস্থা নিতে হবে।’
পুলিশের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সাদিক কায়েম। আহতদের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।