ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেন, ‘যদি এই শাসকগোষ্ঠীও আগের মতোই ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়, তবে জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে রাজপথে নেমে সরকারের পতন ঘটাতেও তারা পিছপা হবে না।’
অনুষ্ঠানে ইসহাক সরকার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর তিনি কারাবন্দী ছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে অগণিত সহযোদ্ধাকে হারিয়েছেন।
তিনি অতীতে সব শাসনামলেই নিপীড়নের শিকার হওয়ার কথা উল্লেখ করে বলেন, বিএনপি বা আওয়ামী লীগ—কোনো আমলেই স্বৈরশাসন মেনে নেওয়া হয়নি। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, তাদের উদ্দেশে তিনি বলেন, এখনো সময় আছে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন। জনগণের মৌলিক অধিকার ও কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিন। নতুবা রাজপথেই এর চূড়ান্ত ফয়সালা হবে।
সাবেক এই যুবদল নেতা অভিযোগ করেন, আগের সরকারের আমলের হত্যাকাণ্ডের বিচার এখনো অধরা। ওসমান হাদি হত্যার বিচার কেন হলো না, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান শাসনামলেও আগের সেই অশুভ প্রভাব ফিরে আসছে বলে মনে হচ্ছে।
এনসিপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হিসেবে তিনি এই দলটিকে বেছে নিয়েছেন।
ইসহাক সরকার তার বক্তব্যে আরও বলেন, যদি এনসিপি রাজপথে সক্রিয় থাকে, তবেই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কোনো বিদেশি শক্তির আধিপত্য কিংবা আগ্রাসন এ দেশের জনগণ কখনোই মেনে নেবে না। পরিশেষে তিনি দলের কর্মীদের উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন বিসর্জন দেওয়ার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রায় এবং অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তা আদায় করে নেওয়া হবে।