ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বিয়ের আসর রূপ নিয়েছিল তারুণ্যের এক মিলনমেলায়।
বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হওয়ার পর থেকেই আনন্দ আর উল্লাসে মেতে ওঠেন উপস্থিত জাতীয় নাগরিক পার্টি, এনসিপির শীর্ষ সারির নেতৃবৃন্দ।
আকদ শেষে বর বেশে থাকা বন্ধুর সঙ্গে সেলফি আর ভিডিওর আবহে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভিডিওতে ডাকসুর এই সাবেক ভিপিকে ঘিরে হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত থাকতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে।
এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের মোবাইলে সেলফি মুডে ভিডিও ধারণ করেন এবং স্লোগান দেন ‘কোরবানি মোবারক’। তারপর ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন এই নেতা।
সাদিক কায়েমের এই বিয়ে ঘিরে এনসিপি নেতাদের সঙ্গে এই হৃদ্যতাপূর্ণ আনন্দ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। জানা গেছে, সাদিক কায়েমের জীবনসঙ্গিনী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আয়ুব আলী ফরায়েজি এবং রুকসানা পারভীন আসমার সুযোগ্য কন্যা। আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বর-কনেকে দোয়া জানাতে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে অতিথিরা শহিদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সব মিলিয়ে সাদিক কায়েমের বিয়েটি এনসিপি ও সমমনা তরুণ নেতাদের পদচারণায় একটি স্মরণীয় রাজনৈতিক ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়।