চট্টগ্রাম: শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে ধারণ করে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এখনই উপযুক্ত সময় এসেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশ গঠনের এই সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহিদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে রাঙ্গুনিয়ার উদ্দেশে রওনা দেন আমীর খসরু। পরে বেলা ১১টায় তিনি শহিদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সার্বভৌম, আত্মমর্যাদাশীল ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এখন এসেছে।’
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক দল, সরকার ও সাধারণ জনগণ—সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। যারা দলের আদর্শের বাইরে অবস্থান নেবে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তারেক রহমানের দেশ গড়ার প্রত্যয়ের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘তারেক রহমান যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন, তা বাস্তবায়নে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, সাধারণ জনগণকেও সম্পৃক্ত হতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ঐক্য, সংহতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শহিদ জিয়ার স্বপ্নের আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
এ সময় তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ স্থানীয় নেতারা।