চুয়াডাঙ্গা: কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলা পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি হাফেজ আবু বক্কর সিদ্দিকী ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) বিকেল ৫টার পর জীবননগর উপজেলার হাসাদহ বাজারে এই ঘটনা ঘটে। হাসাদাহ বাজারের বাসিন্দা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তার ছেলে শাহরিয়ার ও সাবেক ছাত্রদল নেতা রিমনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
আমির হামজার শ্যালক আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘কুষ্টিয়া থেকে দুলাভাই একটি গাড়িতে, আর আমি ও বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছুলে ব্যাটারিচালিত ইজিবাইকের চালক আমাদের গতিরোধ করে। এ সময় বার বার হর্ন দিলেও চালক ইজিবাইকটি রাস্তা থেকে না সারালে আমাদের গাড়িচালক নিচে নেমে তার সঙ্গে কথা বলেন। এ সময় ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।’
তিনি আরও বলেন, ‘তবে এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক পরিচয় দেওয়ার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে আঘাত করে। তখন আমার বোন গাড়ি থেকে বের হয়ে এলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।’
এদিকে খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান সেখসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমির হামজা এমপি ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছিল।
এ ব্যাপারে জীবননগর থানার ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।’ তবে এর বেশি কিছু তিনি বলতে চাননি।