Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে কুষ্টিয়ায় সাবেক মেয়রের বাড়িতে যৌথবাহিনীর অভিযান ঘিরে উত্তেজনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৫:২৬

সাবেক মেয়রের বাড়িতে অভিযানের সময় এলাকায় চাঞ্চল্য।

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েও কাউকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২০ জুন) রাত পৌনে ১১টার দিকে র‌্যাব, ডিবি ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের সদস্যরা শহরের আড়ুয়াপাড়া এলাকায় অবস্থিত আনোয়ার আলীর বাড়ি ঘিরে এ তল্লাশি অভিযান শুরু করেন। পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী ওই বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের খবর ছড়িয়ে পড়লে আনোয়ার আলীর সমর্থকরা বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং পরে বাড়ির ভেতরে তল্লাশি চালায়।

পরে রাত প্রায় ১টার দিকে অভিযান শেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দীর্ঘসময় তল্লাশি চালিয়েও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।’

অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর