Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানব প্রেম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ২৩:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের প্রধান পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের যুগোর্ত্তীর্ণ শ্রেষ্ঠ লেখক ও বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম। তার রচনা মানুষকে চিরকাল মানব প্রেম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল প্রভূত সাহস ও অফুরন্ত প্রেরণার উৎস।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অমর সৃষ্টির দ্বারা তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সংগীত রচয়িতা ও সুরকার হিসেবে এক উচ্চমাত্রায় নিজেকে অধিষ্ঠিত করেন। ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলা ভাষার অগ্রণী কবি রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন সমাজ, রাজনীতি, দর্শন ও সামাজিক সম্প্রীতির এক অনবদ্য রূপকার। তার সাহিত্য কর্মে শান্তি, মানবতা, মহত্ত্ববোধ ও পরমত সহিঞ্চুতার বাণী যুগে যুগে মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে, তাই তার সৃষ্টিকর্ম জাতীয়তার গণ্ডি পেরিয়ে দেশ দেশান্তরে হয়ে উঠেছে কল্যাণের প্রেরণা। মানব প্রেম, প্রকৃতি প্রেম ও দেশপ্রেম তার লেখনির প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। আজও আমরা সবাই তার লেখনি দ্বারা উদ্বুদ্ধ।’

মির্জা ফখরুল বরেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় একদিকে যেমন সমাজ চেতনা ও মানব প্রেমের শ্বাশত বাণী বিধৃত হয়েছে আবার অন্যদিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস যুগিয়েছে।’

সারাবাংলা/এজেড/এইচআই