Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ কর্মকর্তার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ০৯:০৯

বালু উত্তোলনের অভিযোগে ২ কর্মকর্তাকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি ব্রিজ নির্মাণে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারি প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের তেল্লারঘাট সংলগ্ন ছোট ফেনী নদী এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

দন্ডপ্রাপ্তরা হলেন—এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহকারি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদীর ওপর নির্মাণাধীন তেল্লারঘাট থেকে দনিপাড়া সংযোগ ব্রিজের কাজ পায় এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর চরহাজারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলালের যোগসাজশে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ছোট ফেনী নদী থেকে ব্রিজ নির্মাণের কাজে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়ে ঠিকাদরি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ইঞ্জিন জব্দ করা হয়।

তবে অভিযোগের বিষয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল অভিযোগ নাকচ করে বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর