ঢাকা: আইসিসি কমিউনিকেশন লিমিটেড ও এর সহযোগী নয়টি প্রতিষ্ঠানের কর্মী-গ্রাহকদের ২৪ ঘণ্টা বিনামূল্যে টেলি স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সেবা দেবে ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে এসএন সেন্টারে আইসিসি কমিউনিকেশন লিমিটেড ও নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে এসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে ‘আইসিসি কমিউনিকেশন লিমিটেড’র পক্ষে প্রতিষ্ঠানের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. দেলোয়ার হোসেন লিটন ও ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’র সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান হাসান হায়দার শুভ স্বাক্ষর করেন।
এ সময় আইসিসি কমিউনিকেশনের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. দেলোয়ার হোসেন লিটন জানান, চুক্তির আওতায় আইসিসি কমিউনিকেশন লিমিটেড এবং এর সহযোগী নয়টি প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকরা ২৪ ঘণ্টা বিনামূল্যে টেলি স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইসিসি কমিউনিকেশন লিমিটেড, আইসিসি ফাইওস, ঘুড়ি ইন্টারনেট, অর্কিড ইন্টারনেট, আইসিসি টক (talk). পীয়ারেক্স (PEEREX), সারাবাংলা ডটনেট, ডিজি বাংলা, আয়না ও আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড। সেবা পাওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্মী ও গ্রাহকদের 09639111444 নম্বরে ফোন করে কাঙ্ক্ষিত সেবা চাইতে হবে বলেও জানান দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’র সেলস ও মার্কেটিং প্রধান হাসান হায়দার শুভ জানান, চুক্তির আওতায় ২৪ ঘণ্টা বিনামূল্যে টেলি স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সেবা ছাড়াও আরও কয়েকধরনের সেবা পাওয়া যাবে। এসব সেবায় আইসিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। সেবাগুলোর মধ্যে রয়েছে- ৪৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, বাসায় ওষুধ ডেলিভারি, যেকোনো ধরনের ল্যাবটেস্ট, ফিজিওথেরাপি ও কেয়ার-গিভার।
তিনি আরও জানান, জরুরি টেলিহেলথ (09639111444) নম্বর ছাড়াও ‘নিরাময় (neeramoy) পেশেন্ট’ অ্যাপ কিংবা ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’র ওয়েবসাইট ব্যবহার করেও এ সেবা নেওয়া যাবে।