Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, তার আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা আশাকরি। কারণ দেশের রাজনীতিতে এক ধরণের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ একটি দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে বলে আশা করা যায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ১৭ বছর পরে তারেক রহমানের আগমনের পেছনে আরেকটি নির্মম সত্য আছে, সেটা হলো সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিস্টের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক সেই প্রচেষ্টা তারেক রহমানসহ আমাদের সকলের চালিয়ে যেতে হবে। আশাকরি তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থতায় অবদান রাখবেন।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব প্ল্যান থাকার কথা বলেছেন। সেই প্লানে ইতিবাচক সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশ এবং ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের বন্দোবস্ত থাকবে বলে আমরা আশা করি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাই অভ্যুত্থানের পরেও দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে থাকার পেছনে কিছু অস্পষ্ট কারণের আভাস দিয়েছেন। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আগমন অন্য কারো নিয়ন্ত্রণাধীন থাকবে এটা মেনে নেওয়া যায় না। এমন কোনো পরিস্থিতি আদতেও থেকে থাকলে সকলে মিলে তা প্রতিহত করতে হবে। সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা দরকার বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর