Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেবা নেই, বিল নেই: তাসনিম জারার ভিন্নরকম ইশতেহার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

ডা. তাসনিম জারা।

ঢাকা: ঢাকা-৯ আসনের নির্বাচনি লড়াইয়ে প্রথাগত রাজনীতির বাইরে ভিন্ন ধারার ইশতেহার নিয়ে হাজির হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তাসনিম জারা তার ছয় দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে নাগরিক দুর্ভোগ লাঘবে ‘সেবা নেই, বিল নেই’ নীতির বাস্তবায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যের সুপারিশ বা কোটা বাতিলের মতো সাহসী অঙ্গীকার করেছেন তিনি।

তাসনিম জারার ঘোষিত ইশতেহারের মূল আকর্ষণ হলো দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকটের সমাধান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কোনো এলাকায় গ্যাস সরবরাহ না থাকে, তবে সেই সময়ের জন্য গ্রাহককে কোনো বিল দিতে হবে না- এমন আইন প্রণয়নে তিনি সংসদে জোরালো ভূমিকা রাখবেন। এছাড়া তার ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং মুগদা-খিলগাঁও এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের স্থায়ী পরিকল্পনা। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে তিনি ‘চিকিৎসায় অবহেলা আর মানব না’ স্লোগানকে সামনে রেখেছেন।

বিজ্ঞাপন

ব্যয়বহুল প্রচারণার সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে তাসনিম জারা বলেন, কোটি কোটি টাকা খরচ করে বা লাখ লাখ পোস্টার দিয়ে শহর নোংরা করে রাজনীতি করার দিন শেষ হওয়া উচিত। তিনি উচ্চ শব্দে লাউডস্পিকার ব্যবহার না করে সরাসরি মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছেন।

নিজেকে এলাকায় ‘ঘরের মেয়ে’ দাবি করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, অর্থ ও পেশিশক্তির বাইরেও যে সৎভাবে নির্বাচনে জিতে আসা সম্ভব, তা ঢাকা-৯ আসনের সচেতন ভোটাররা এবার প্রমাণ করবেন। নতুন ধারার এই রাজনীতিতে আস্থা রেখে তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর