Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটারের বিতর্কিত পোস্ট সাইবার হ্যাকিংয়ের ফল: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয়েছিল সেটি একটি পরিকল্পিত সাইবার হ্যাকিংয়ের ফল বলে উল্লেখ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ বিষয়ে পোস্ট প্রকাশ, পাসওয়ার্ড পরিবর্তন, মেইল নোটিফিকেশন ও অ্যাকাউন্ট রিকভারি সবকিছুর নির্দিষ্ট টাইমলাইন তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা দেয় জামায়াতের সাইবার টিমের সদস্যরা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব ও সাইবার টিমের সদস্যরা এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সাইবার টিমের সদস্য সিরাজুল ইসলাম বলেন, বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয় ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে। ওই সময় জামায়াত আমির ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় একটি নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে বক্তব্য দিচ্ছিলেন। বিষয়টি প্রমাণ হিসেবে ওই সময়কার ভিডিও ফুটেজ ও স্ক্রিনশট সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

সিরাজুল ইসলাম আরও বলেন, পোস্টটি নজরে আসার পরপরই তারা অ্যাকাউন্ট সুরক্ষার উদ্যোগ নেয়। বিকেল ৫টা ৯ মিনিটে এক্স কর্তৃপক্ষ থেকে ‘Your password has been changed’ শিরোনামে একটি ই-মেইল আসে, যা জামায়াত আমিরের অফিসিয়াল ই-মেইলে পাওয়া যায়। টাইম জোনের কারণে কোথাও সময়ের পার্থক্য দেখা গেলেও স্ক্রিনশট ও ডাটা অনুযায়ী এটি ৩১ জানুয়ারি বিকেল ৫টা ৯ মিনিটেই পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন ছিল বলে দাবি করে জামায়াত।

সংবাদ সম্মেলনে বলা হয়, হ্যাকের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তারা শুধু পাসওয়ার্ড পরিবর্তনই নয়, আগের সব সেশন লগআউট করে নতুন সেশন জেনারেট করে। এ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে, অর্থাৎ মাত্র ১৩ মিনিটের ব্যবধানে, জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।

সাইবার টিমের সদস্য সিরাজুল ইসলাম বলেন, যদি এটি ভুলবশত বা নিজেরাই পোস্ট করে থাকতেন, তাহলে কখনোই মেইল রিকভারি, পাসওয়ার্ড পরিবর্তন ও ফরেনসিক ডাটা দেখানোর প্রয়োজন হতো না। তারা সরাসরি জামায়াত আমিরের ই-মেইল ইনবক্স সাংবাদিকদের সামনে দেখান, যেখানে পাসওয়ার্ড পরিবর্তনের মেইল, লগইন লোকেশন, নতুন আইপি অ্যাড্রেস এবং সেশন পরিবর্তনের তথ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একই ধরনের পোস্ট ৪টা ৫৩ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্ট থেকেও বাংলায় প্রকাশিত হয়, যা একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়। দুইটি পোস্টের সময় ও বিষয়বস্তুর মিল দেখিয়ে জামায়াত এটিকে সংঘবদ্ধ সাইবার আক্রমণের অংশ বলে উল্লেখ করে।

তিনি বলেন, শুধু এই একটি ঘটনা নয়, গত এক মাসে দলটির কেন্দ্রীয়, মহানগর উত্তর-দক্ষিণ এবং একাধিক নেতার অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে সাইবার আক্রমণের চেষ্টা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও ১২ জানুয়ারি একই ধরনের অনুপ্রবেশের চেষ্টা করা হয়, যা দ্রুত প্রতিহত করা সম্ভব হয়।

সংবাদ সম্মেলনে সাইবার আক্রমণের একটি পদ্ধতিও তুলে ধরা হয়। জামায়াত জানায়, ‘Case Study BGI Election’ বা অনুরূপ নাম দিয়ে সরকারি বা অফিসিয়াল ই-মেইলের আদলে ভুয়া ই-মেইল পাঠানো হয়, যেখানে ‘অত্যন্ত জরুরি’ উল্লেখ করে এক্সেস ফাইল বা অ্যাটাচমেন্ট যুক্ত থাকে। এসব ফাইলের মাধ্যমে ম্যাক্রো, ডাটাবেজ বা ম্যালওয়্যার ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। এই ধরনের ই-মেইল ১০ জানুয়ারিসহ একাধিকবার পাঠানো হয়েছে বলে দাবি করা হয়।

নারীদের বিষয়ে জামায়াত অভিযোগ করে, নির্বাচনি প্রচারণায় নারীদের ভোট চাইতে গেলে কোথাও কোথাও তাদের ওপর হামলা, বোরখা খুলে দেওয়া, অশালীন ভাষা ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। একই সঙ্গে ‘৪০ লাখ বোরখা’ সংক্রান্ত বক্তব্য দিয়ে নারীদের ভোটাধিকার থেকে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করে দলটি। অথচ বিতর্কিত পোস্টের মাত্র দুই ঘণ্টা আগেই আমিরে জামায়াত নারীদের উচ্চশিক্ষা ও তাদের অগ্রগতির বিষয়ে একটি ইতিবাচক পোস্ট দিয়েছিলেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে জামায়াত জানায়, প্রয়োজন হলে তারা সংশ্লিষ্ট সব ডাটা, স্ক্রিনশট ও ফরেনসিক রিপোর্ট ভবিষ্যতেও উপস্থাপন করবে।

আমিরের টুইটার অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে কে-কারা হ্যাক করেছে দাবি করে এহসানুল মাহবুব বলেন, আমরা বিকেল ৫টার দিকে বিষয়টি অবহিত হয়ে সঙ্গে সঙ্গে এই সম্পর্কিত টিম খোঁজ খবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা যায়, পুরো রাত এ সংক্রান্ত কাজ কে করেছেন কিভাবে করেছেন, জানার চেষ্টা করেছি। যারা এ চক্রান্ত করেছেন, মনে হচ্ছে তারা কয়েকদিন থেকে এ প্রস্তুতি নিয়েছেন।

আমিরের টুইটার অ্যাকাউন্টসহ শীর্ষ নেতাদের ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট আমাদের যে টিম দেখেন তারা বলেছেন, আমরা বুঝেছি এই কাজের সঙ্গে কিছু লোক জড়িত, এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। দলের আমিরসহ শীর্ষ নেতাদের বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে কিছু সময়ের জন্যে তারা খুব খারাপ আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন। আমাদের গভীর আশঙ্কা এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তি জড়িত আছেন। আমিরের দুটি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং অপপ্রচার চালানো হচ্ছে। রাতেই থানায় জিডি করেছি। পরবর্তীতে এ ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সাংবাদিক ওলি উল্লাহ নোমান ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, আমিরের নির্বাচনি সফরসূচির বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সোমবার (২ ফেব্রুয়ারি) প্রথমে কক্সবাজারের মহেশখালীতে দলের সহকারি সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদের নির্বাচনি এলাকায় জনসভায় অংশ নেবেন আমির। পরে কক্সবাজার শহরে, দক্ষিণ চট্টগ্রাম হয়ে চট্টগ্রাম শহরে জনসভায় বক্তব্য দেবেন। ৩ ফেব্রুয়ারি কুড়িগ্রাম তিস্তা ব্যারেজ এলাকায় জনসভা করবেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর