অনেক নাটকীয়তার পর ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন ঘোষণার পর থেকেই এর পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। ক্রিকেট সমর্থক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার; সকলের মনে একটাই প্রশ্ন। সেমিফাইনাল কিংবা ফাইনালে প্রতিপক্ষে হিসেবে ভারতকে পেলেও কি ম্যাচ বর্জন করবে পাকিস্তান?
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসির সঙ্গে কয়ক দফা আলোচনা করেও আসেনি সমাধান। শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই হচ্ছে এবারের বিশ্বকাপ।
পুরোটা সময় বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতেও একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে পিসিবি। বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপ বর্জনের গুঞ্জনও উঠেছিল। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
ধারাভাষ্যকার হার্শা ভোগলে এক্স বার্তায় লিখেছেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায়, কিন্তু ভারতের বিপক্ষে না খেলে, তাহলে আইসিসির প্রতিক্রিয়া কী হবে, তা দেখাটা দারুণ ব্যাপার হতে যাচ্ছে। আইনগত অবস্থান কী হতে পারে অথবা এই পরিস্থিতি কীভাবে সামলানো হবে, তা আমি জানি না। তবে আইসিসি যদি সম্প্রচারকারীদের ক্ষতির অর্থ পাকিস্তানের আইসিসির রাজস্বের অংশ থেকে কেটে নেয়, তাহলে আমি অবাক হব না। ও হ্যাঁ, যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয় তাহলে?’
সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজের এক্স অ্যাকাউন্টের এক ভিডিওতে বলেছেন, ‘পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ভারত ম্যাচ বয়কট করবে। কেন? ভারতের সাথে তারা খেলবে না। ভারতকে যেমন দুবাইয়ে ভেন্যু দেওয়া হয়েছে, পাকিস্তানকে কলম্বোতে ভেন্যু দেওয়া হয়েছে। খেলুন ম্যাচটা। তারা বলছে, না না আমরা এভাবে খেলব না। তাহলে আপনারা কী করবেন? এমন এক দিনে ঘোষণা আসলো যেদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুলাওয়েতে দুই দল খেললো। অনূর্ধ্ব-১৯ দল কি আপনাদের নয়?’
শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান যদি নকআউট পর্বে মুখোমুখি হয়েই যায়, তাহলে সেই ম্যাচে কী করবে পাকিস্তান, সেটাই এখন দেখার বিষয়।