Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ২০টি আসনে অর্ধ লাখ ভোটার স্থানান্তর: তদন্তে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২

ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীর ২০টি সংসদীয় আসনে প্রায় অর্ধ লাখ ভোটার স্থানান্তর নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিএনপি এই স্থানান্তরকে ‘অস্বাভাবিক’ ও ‘অনৈতিক কূটকৌশল’ হিসেবে অভিহিত করলেও নির্বাচন কমিশন (ইসি) বলছে, এই সংখ্যাটি বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিক।

বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জেতাতে রাজধানীর বাইরে থেকে ব্যাপক হারে ভোটার স্থানান্তর করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসির সঙ্গে বৈঠক শেষে বলেন, “বিশেষ কিছু এলাকায় অস্বাভাবিকভাবে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। ইসির তথ্যে আমরা সন্তুষ্ট হতে পারিনি।”

বিজ্ঞাপন

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, জনগণের বিপুল সমর্থনে ভীত হয়েই অন্য দলগুলো এ ধরনের কথা বলছে। বিশেষ করে ঢাকা-১৫ আসনে ভোটার স্থানান্তর ও এনআইডি সংগ্রহ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুঙ্গে রয়েছে।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা

ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, “ভোটার স্থানান্তর একটি নিয়মিত প্রক্রিয়া। এবার অস্বাভাবিক হারে স্থানান্তরের কোনো তথ্য আমাদের কাছে নেই।” তবে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা জেলার আসনগুলোর মধ্যে এবার ভোটার স্থানান্তরের শীর্ষে রয়েছে ঢাকা-১ আসন (৪,৭৩২ জন), এরপরই রয়েছে ঢাকা-১৮ (৪,০৭০ জন) এবং ঢাকা-২ (৩,৯৭৮ জন)। ভোটার সংখ্যার দিক থেকে ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটার নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা-১৯ আসন।

আসনভিত্তিক ভোটার ও স্থানান্তর চিত্র

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের বছরে তুলনামূলক স্থানান্তর বেশি হয়। কর্মকর্তারা বলছেন, সবশেষ ২০২৪ সালে ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন স্থানান্তর হয়েছে সারাদেশে। এর আগে ২০২৩ সালে ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন, ২০২২ সালে ভোটার স্থানান্তর ৭ লাখ ১৭ হাজার ২০৮ (ভোটার হালনাগাদের বছর)। ৫ লাখ ৬৫ হাজার ৭৭৪ জন ভোটার এলাকা পরিবর্তন করেন ২০২১ সালে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার স্থানান্তরের আবেদন অনুমোদন হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৫৬৫ জনের।

ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত স্থানান্তর হয়েছে ৮৬ হাজার ৮২৫ জন ভোটার। ফরিদপুর অঞ্চলে হয়েছে ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮১ হাজার ৭২৫ জন। ময়মনসিংহ অঞ্চলে করেছেন হয়েছেন ৭৮ হাজার ৮০৫ জন। রংপুর আঞ্চলে স্থানান্তর হয়েছেন ৬৩ হাজার ৮৯৭ জন ভোটার।

সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে, ২৭ হাজার ৫৭৬ জন। রাজশাহী অঞ্চলে পরিবর্তন করেছেন ৭২ হাজার ৮১৫ জন। ৮৫ হাজার ৭২০ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন বরিশাল অঞ্চলে। চট্টগ্রামে এলাকা পরিবর্তন করেছেন ৩০ হাজার ৮৫ জন ভোটার।

সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে, এক লাখ পাঁচ হাজার ৫৪৩ জন।

এক্ষেত্রে, সারাদেশে স্থানান্তরের সংখ্যা ৬,৬৫,৫৬৫ জন। ঢাকার ২০ আসনে স্থানান্তর ৪৯,৯৯২ জন। আর সবচেয়ে বেশি স্থানান্তর কুমিল্লা অঞ্চল (১,০৫,৫৪৩ জন)। আর সবচেয়ে কম স্থানান্তর অঞ্চল: সিলেট অঞ্চল (২৭,৫৭৬ জন)।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭, জামায়াত আমির শফিকুর রহমান ঢাকা-১৫ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে লড়ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

ছায়া দেখলে শীত, না দেখলে বসন্ত!
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪

আরো

সম্পর্কিত খবর