পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করে বলেছেন, যারা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারাই বিষয়টি নিয়ে বেশি মাতামাতি করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আমিরের আসন্ন নির্বাচনি জনসভার স্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‘একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে যারা মিথ্যাচার করছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, একটি দুষ্টচক্র হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে থাকে। আমিরের এক্স অ্যাকাউন্টের ঘটনাটিও তেমন একটি ষড়যন্ত্রের অংশ। যারা এটি ঘটিয়েছে, তারাই আবার বিষয়টি নিয়ে বেশি প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি আসন্ন নির্বাচনি জনসভা সফল করতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
জনসভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী, জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির ইসহাক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।