ঢাকা: ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, নির্বাচনি গণজোয়ারে ভয় পেয়ে ‘মাফিয়া গোষ্ঠী’ তার ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলি প্রতীকের অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।’
পোস্টের তথ্য অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের নির্বাচনি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে তাকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়, তারা বড় ভুলের মধ্যে আছেন।
নির্বাচনি এলাকার বাড্ডা, ভাটারা ও রামপুরার জনগণের ওপর আস্থা রেখে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ১২ তারিখ (ভোটের দিন) এ অঞ্চলের মানুষ আপনাদের এই অপকর্মের উপযুক্ত জবাব দেবে, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য যে, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে ‘শাপলাকলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।