ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দর ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হচ্ছে এই নতুন মূল্যতালিকা।
বিইআরসি জানায়, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারিও এলপিজির দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছিল।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দামই আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সরবরাহকৃত এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।