ইরানে দীর্ঘ ৫০ বছর বসবাসের পর অসুস্থ ও অসহায় অবস্থায় দেশে ফিরেছেন বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান। তেহরানের বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আর্থিক সহযোগিতায় সোমবার (২ ফেব্রুয়ারি) এমিরাটস এয়ারের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান গুরুতর অসুস্থ হয়ে পড়লে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে বন্দরনগরী ‘বন্দর আব্বাস’ থেকে তেহরানে নিয়ে আসা হয়। আইওএম-এর সহায়তায় তেহরানের একটি আবাসিক হোটেলে রেখে প্রায় দুই মাস তার চিকিৎসা নিশ্চিত করে দূতাবাস। চিকিৎসা শেষে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় আজ তাকে দেশে ফেরত পাঠানো হয়।
চিকিৎসকের তত্ত্বাবধানে প্রত্যাবর্তন আব্দুল মান্নানের সাথে আরও একজন বাংলাদেশি নাগরিক আইওএম-এর সহায়তায় দেশে ফিরেছেন। যাত্রাপথে আব্দুল মান্নানের সার্বিক স্বাস্থ্যের ওপর নজরদারির জন্য আইওএম একজন চিকিৎসককে তার সহযাত্রী হিসেবে পাঠিয়েছে। বিমানবন্দরে তেহরানের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা তাদের বিদায় জানান।
উল্লেখ্য যে, আইওএম-এর সহযোগিতায় এর আগেও গত ১৪ ডিসেম্বর চারজন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল।
তেহরান দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই বিশেষ প্রকল্পটি ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চলমান থাকবে। ইরানে বসবাসরত কোনও অসহায় বাংলাদেশি নাগরিক কিংবা আর্থিক সংকটে আটকা পড়া ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে দূতাবাস আইওএম-এর কাছে তাদের নাম সুপারিশ করবে।