ঢাকা: ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, একটি বিশেষ দল পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো জনগণকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, নির্বাচন এলেই একটি বিশেষ মহল নানা ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম নয়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা আতঙ্কিত বলেই এ ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণসংযোগকালে নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না যাতে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। বিএনপি সবসময় নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। নারীদের অধিকার সমুন্নত রাখতে তার দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, যদি ওই বিশেষ দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করে ঘরে বন্দি করে রাখবে। অতীত অভিজ্ঞতা থেকেই জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ইশরাক হোসেনের ভাষায়, যারা নারীদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা কখনোই একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম নয়।
নির্বাচনের মাঠের পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, ওই বিশেষ দলের কিছু প্রার্থী ও সমর্থক ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছে। এতে করে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলেও উল্লেখ করেন।
ইশরাক হোসেন বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করেই জনগণকে তাদের ভোটাধিকার রক্ষা করতে হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই সব অপচেষ্টার জবাব দিতে পারে।