পঞ্চগড়: পঞ্চগড়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে নির্বাচনি মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, আমি আওয়ামী লীগের কোন দলীয় পদে ছিলাম না, আমি মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক হিসেবে আমি বিএনপিতে যোগদান করেছি। আওয়ামী লীগ হিসেবে নয়।
এ বিষয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি ও মটর শ্রমিকের সিনিয়র সহ-সভাপতি খরুল ইসলাম বলেন, আগে আওয়ামী লীগ করতাম। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম।
একই অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির তার বক্তব্যে বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বা এটিকে একটি আসনের নির্বাচন হিসেবে ভাবার কারণ নেই। পঞ্চগড়ে আজ যা ঘটবে, তার প্রভাব পড়বে সারা বাংলাদেশে। এমনকি বাংলাদেশে যা ঘটবে, তার প্রভাব পার্শ্ববর্তী দেশ ও বিশ্বপরিসরেও পড়বে।
তিনি আরও বলেন, একটি ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও আগামীর বিশ্বে পরিবর্তনের ধারা নির্ধারণ করা সম্ভব। সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করে যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করা যায়, তাহলে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লিখিত হবে।
নওশাদ জমির বলেন, আগামী ৫০ বা ১০০ বছর পর গবেষকরা যখন ফিরে তাকাবে, তারা দেখবে ২০২৬ সালের বাংলাদেশ কীভাবে তার প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল এবং সেই নেতৃত্বে দেশ কীভাবে এগিয়ে গিয়েছিল। শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যেমন অগ্রসর হয়েছিল, তেমনি আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে নতুন বিপ্লবের সাক্ষী হবে।
এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেররুল ইসলাম কাচ্চু, জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসীমউদ্দীন ইসলাম জসিম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আকবর আলীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এছাড়াও শ্রমিক সমাবেশে পঞ্চগড় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহিম, শ্রমিকদলের জেলা শাখার সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।