বিশ্ব ফুটবল থেকে তারা নিষিদ্ধ হয়েছেন প্রায় ৪ বছর। ক্লাব ও জাতীয় ফুটবল থেকে নিষিদ্ধ হওয়া রাশিয়া আবার কবে ফুটবলে ফিরতে পারবে, ২০২৬ বিশ্বকাপের আগে সে নিয়েই চলছে আলোচনা। এসবের মধ্যেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলছেন, সময় এসেছে রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার।
ইউক্রেনে হামলা চালানোর শাস্তি হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারি রাশিয়া ও বেলারুশকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধ করেছিল ফিফা ও ইউয়েফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে বলে তখন বলেছিল বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দুটি।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলও করেছিল রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। কিন্তু তাতে লাভ হয়নি। আগের সিদ্ধান্ত বহাল থাকে। এতে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়া। ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থেকে বাদ পড়ে মেয়েদের দল। শুধু তাই নয়, আসছে বিশ্বকাপের বাছাইয়েও খেলতে পারেনি রাশিয়া।
নিষেধাজ্ঞার চার বছর পর এসে স্কাই স্পোর্টসে ইনফান্তিনো বলেন, এটা উলটো আরও ঘৃণার জন্ম দিয়েছে, ‘এই নিষেধাজ্ঞা দিয়ে কিছুই অর্জিত হয়নি, বরং এটি আরও হতাশা এবং ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলে ও মেয়েরা ইউরোপের অন্যান্য দেশে ফুটবল খেলতে পারলে সেটা হয়তো সহায়তা করতে পারে। ফিফার আসলে কখনোই কোনো দেশকে তাদের রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের কারণে ফুটবল খেলা থেকে নিষিদ্ধ করা উচিত নয়।’
তবে ফিফা প্রধানের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও শিশুসুলভ বলেছেন ইউক্রেইনের ক্রীড়া মন্ত্রী মাতভি বিদনি, ‘তারা ফুটবলকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করছে, যেখানে শিশুরা মারা যাচ্ছে।’