Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হতে যাচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় ওই আসনের নির্বাচন কী অনুষ্ঠিত হবে নাকি হবে না? আর এ বিষয়ে আইনি বিধান কী?

এ বিষয়ে ‎নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সারাবাংলাকে জানান, নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তা ও আসনের নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করে। এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি জারি হয়নি। সেই গণবিজ্ঞপ্তি জারি হলে, নির্বাচন কমিশনে পাঠাবে। পরে কমিশন গেজেট প্রকাশ করবে। আইন অনুযায়ী পরবর্তীতে আবারও তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আইনের বিধান: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপ-ধারায় নির্বাচনি প্রচার চলাকালীন প্রার্থীর মৃত্যু সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা রয়েছে।

‎নির্বাচন বাতিল: যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো ‘বৈধভাবে মনোনীত’ (Validly Nominated) প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

‎পুনঃতফসিল: প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন সেখানে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

‎বর্তমান অবস্থা ও পদক্ষেপ

‎শেরপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, আইন অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করার প্রক্রিয়া চলছে। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

‎বিদ্যমান প্রার্থীদের অবস্থান

‎আরপিও অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণা করা হলে আগের বৈধ প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হবে না। তবে সংশ্লিষ্ট দল (এক্ষেত্রে জামায়াত) নতুন করে প্রার্থী মনোনীত করতে পারবে এবং অন্য কোনো নতুন প্রার্থী চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নুরুজ্জামান বাদলসহ মোট পাঁচজন প্রার্থী শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল হয়ে যাবে।

‎সেক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনের পরিবর্তনে ২৯৯ আসনে ভোট হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর