ঠাকুরগাঁও: বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে, আমরা সমালোচনায় বিশ্বাস করে না। আজকে একটি দল আপনাদের সামনে এসেছে, এদেরকে আমরা আগে কখনো দেখিনি। এখন তারা এসেছে রাজনীতি করতে, রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদরাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
নারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, জামায়াত ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করে না, বিশ্বাস করে তার ভালো কাজের বিচার করে জান্নাত পাওয়া না পাওয়ার। চরমোনাই পীর সাহেব বলেছেন জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়।
তিনি বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকুরির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আমার ওপর ১১৭টি মিথ্যা মামলা দিয়েছিল, সাড়ে তিন বছর জেলে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছে। ২০ হাজার নেতাকর্মী খুন হয়েছে। নতুন সরকার সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্যমূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য ক্রয় করতে পারে। ১০ হাজার টাকা পযন্ত কৃষকের ঋণ মউকুফ করে দেওয়া হবে, নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নিবে সরকার, দেড় বছরে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করাসহ নানা প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় উপস্হিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপিসহ সাধারণ ভোটাররা।