Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কৌশলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা রিজভীর, সতর্ক থাকার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২

-ছবি : সারাবাংলা

ঢাকা: নতুনভাবে ও ভিন্ন কৌশলে দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এমতাবস্থায় কোনো স্বৈরতান্ত্রিক শক্তি যাতে নতুন অবয়বে ফিরে আসতে না পারে, সেজন্য গণতন্ত্র রক্ষায় দেশের প্রতিটি মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

রিজভী আহমেদ বলেন, “গত ১৬-১৭ বছরে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। উৎসবের নির্বাচনকে দখল ও ভয়ের সংস্কৃতিতে রূপান্তর করা হয়েছিল। সেই একই ফ্যাসিবাদের উত্থান যেন আর না ঘটে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। নতুন কায়দায় কেউ যেন আবারও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে।”

বিজ্ঞাপন

বিগত সময়ে রাজনৈতিক নিপীড়ন দমনে সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, “গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়ার ঘটনা যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করত, তখন সাংবাদিকরাই সে সত্য সাহসের সাথে প্রকাশ করেছেন। আপনাদের কলমই বহু নেতাকর্মীর জীবন রক্ষা করেছে।”

সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে উগ্র আচরণের সমালোচনা করে রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো শক্তি স্বৈরতন্ত্র কায়েম করতে চাইলে তা হবে ভয়াবহ। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে হবে যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর