Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তিতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৪ ফ্রেব্রুয়ারি) কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’-এর আয়োজনে এ সেবার উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, বিএনপি ক্ষমতায় এলে শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ও সমাজ সংস্কারের নতুন অধ্যায় শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশ একজন প্রধানমন্ত্রী পাওয়ার পাশাপাশি একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারকও পাবে। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবার চেয়ে গুন্ডামির প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও একটি ব্যাংকে ঢুকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি আরও বলেন, কেউ কেউ ইসলামের কথা বললেও তাদের প্রকৃত লক্ষ্য থাকে ক্ষমতা দখল, নির্বাচনের শেষ পর্যায়ে এসে এমন একটি দলের বেপরোয়া আচরণ উদ্বেগজনক।

বিএনপির এ নেতা বলেন, তারেক রহমান নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। ভবিষ্যৎ বাংলাদেশ হবে সমান অধিকারভিত্তিক বাংলাদেশ, যেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের সন্তানরাও মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে ‘চেতনার বাংলাদেশ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বলেন, আজ থেকে কড়াইল বস্তির এই এলাকায় ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হলো। এতে স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবে। তিনি জানান, চেতনার বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। শুধু ঢাকা-১৭ আসন নয়, করোনাকালসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিঅ্যান্ডটি মাঠে কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং ভবিষ্যতে ঢাকা-১৭ আসনজুড়ে ফ্রি ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সামনে বনানী লেক পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার পরিবেশ ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর