ঢাকা: নির্বাচনী প্রতিশ্রুতিতে জনগণের প্রত্যাশার চেয়েও বড় চমক নিয়ে আসছে বিএনপি। আগামী শুক্রবার দলের চূড়ান্ত ইশতেহার প্রকাশের প্রাক্কালে এমন বার্তাই দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি জানান, ইশতেহারে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।
সমাবেশে নজরুল ইসলাম খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, গত ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান প্রতিনিয়ত দেশের মানুষের উন্নয়ন নিয়ে ভেবেছেন। আওয়ামী লীগ দেশের অর্থনীতি ও সম্পদ নিঃস্ব করে দিয়েছে দাবি করে তিনি মন্তব্য করেন, বর্তমানের এই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই রয়েছে। দেশ পরিচালনায় অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সাধারণ ভোটারদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের আবাসন সমস্যা। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ কড়াইল বস্তিবাসীদের উচ্ছেদের ভয় দেখাচ্ছে। তবে বিএনপির পরিকল্পনা ভিন্ন উল্লেখ করে তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে বস্তিবাসীদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে আগেভাগেই ৫ হাজার ফ্ল্যাটের বরাদ্দপত্র প্রদান করবে। এছাড়া নারীদের জন্য নিরাপদ আবাসন এবং রাজপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পরিবহন খাতের শ্রমিকদের কল্যাণে সরকার থেকে ভর্তুকি দিয়ে হলেও বিমা ব্যবস্থা চালুর বড় একটি ঘোষণা দেন এই প্রবীণ রাজনীতিবিদ।
প্রতিপক্ষ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, বিএনপির জনকল্যাণমুখী প্রকল্প যেমন ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের সমালোচনা করলেও এখন জামায়াত নিজেই স্মার্ট কার্ডের কথা বলছে। এমনকি বাসের রঙের ক্ষেত্রেও তারা বিএনপিকে অনুকরণ করছে বলে তিনি মন্তব্য করেন। শিল্প খাতের উন্নয়ন ছাড়া বিশ্ব বাজারে টিকে থাকা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশ এগিয়ে যাবে।