ঢাকা: ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের প্রতি কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকারের যে লড়াই চলছে, তার ফল ভালো হবে না খারাপ—এটি এখন পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্বশীলতার ওপর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ সভায় এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, এই ভোটাধিকারের জন্য বহু নেতাকর্মী জেল খেটেছেন এবং নানা নির্যাতনের শিকার হয়েছেন। সেই ত্যাগের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন ও তার আগের প্রস্তুতিতে কোনো ধরনের গাফিলতি চলবে না।
তিনি উল্লেখ করেন, সবাই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন, তাই সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে।
ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা ভাগ করে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের চেনা জরুরি। এতে মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া বা অনুপস্থিত ভোটার নিয়ে অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। কোন ভোটার মারা গেছেন, কে দেশে নেই বা দীর্ঘদিন এলাকায় বসবাস করছেন না – এসব তথ্য আগেই চিহ্নিত করে রাখার নির্দেশ দেন তিনি।
ভোটের দিন কোনো অবস্থাতেই পোলিং বুথ খালি রাখা যাবে না বলেও নির্দেশনা দেন আবদুস সালাম। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কেউ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই অন্য কাউকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক দায়িত্বশীল ও স্ট্যান্ডবাই কর্মী রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় কাগজপত্র, কলম, কালি ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তর থেকে সরবরাহ করা হবে এবং ভোটের দিনের জন্য আলাদা ভোটার তালিকাও দেওয়া হবে। বাকি সময়ে গণসংযোগে জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে থাকা ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, দেওয়া প্রশিক্ষণ মাঠে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইনশাআল্লাহ প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব হবে।