Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই: হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই- যেখানে প্রতিহিংসার রাজনীতি থাকবে না। রাজনৈতিক বিভাজন ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাবিব বলেন, ঢাকা-৯ একটি নির্যাতিত ও নাগরিক সুবিধাবঞ্চিত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তাঘাট, চিকিৎসা ও শিক্ষা–সংক্রান্ত নানা সমস্যা বিদ্যমান। আগামী দিনে এসব সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

বিজ্ঞাপন

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাবিব বলেন, রাজনৈতিক জীবনে আমাকে শতাধিক মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। সাতবার কারাবরণ করতে হয়েছে, আট বছর সাজা ভোগ করেছেন এবং ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলেন। দুইবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন এবং চারটি গুলির আঘাত পেয়েছেন। এত কিছুর পরও তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি। আত্মীয়স্বজনসহ সবাই ভোট দিতে এলে এলাকার উন্নয়ন সম্ভব হবে। জনগণ যদি ধানের শীষে বিপুল ভোট দেয়, তবে আমি দলের কাছে জোরালোভাবে বলতে পারবো—এই এলাকার মানুষ বিএনপির পক্ষে আছে, তাই এখানকার উন্নয়নকেই অগ্রাধিকার দিতে হবে।

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে হাবিব বলেন, আমি ৫৪ বছর ধরে এই এলাকায় বেড়ে উঠেছি এবং ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ভবিষ্যতেও আমি এই এলাকাতেই থাকবো এবং এলাকার মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে দেখবো।

অনেকে আমার বিজয় নিয়ে প্রশ্ন তোলেন উল্লেখ করে হাবিব বলেন, তিনি এই এলাকার সন্তান এবং মুরুব্বিদের ভালোবাসা পাচ্ছেন। আমার বাবা নেই, কিন্তু আজ আমার হাজার হাজার অভিভাবক, ভাই ও বোন রয়েছে। যার এত অভিভাবক ও আপনজন আছে, সে কখনো পরাজিত হতে পারে না- বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি ঢাকা-৯ আসনকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, যারা এলাকার ক্ষতি করবে ও মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। আমার প্রত্যাশা, ঢাকা-৯ এলাকার মানুষ নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকবে এবং সবাই মিলেই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

বগুড়ায় প্রতারণার অভিযোগে যুবক আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর