ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগের পাহাড় জমছে। গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েছে মোট ৩৪৪টি অভিযোগ। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি অভিযোগ উঠেছে খোদ নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।
ইসির তথ্য অনুযায়ী, জমা পড়া ৩৪৪টি অভিযোগের মধ্যে রয়েছে:
কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ: ১৪৪টি (যা মোট অভিযোগের প্রায় ৪২ শতাংশ)।
আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য: ২০১টি।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৮ দিনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ২১২টি মামলা করেছেন। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া, ‘ইলেকক্টোরাল ইনকোয়ারী অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ ১৫টি গুরুতর অপরাধের সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করেছে। এই প্রক্রিয়ায় আরও ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং পাল্টাপাল্টি অভিযোগের সংখ্যাও বাড়ছে। তবে ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন ।