সুদানের সাউথ করদোফান অঙ্গরাজ্যের এল কুইক শহরের একটি হাসপাতালে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরাও রয়েছেন।
বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) এ হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
সংস্থাটি জানায়, ড্রোন হামলাটি এল কুইক সামরিক হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়। এতে হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরসহ আরও তিনজন স্বাস্থ্যকর্মী নিহত হন। সুদান ডক্টরস নেটওয়ার্ক এ হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, যা চিকিৎসা স্থাপনা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়।
এদিকে, আরএসএফ ও সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট (এসপিএলএম)-এর জোট সাম্প্রতিক সময়ে অঙ্গরাজ্যের শহরাঞ্চলের স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, অবশিষ্ট চিকিৎসা অবকাঠামো অচল করে বাসিন্দাদের মানবিক পরিস্থিতি আরও খারাপ করার লক্ষ্যেই এ কৌশল নেওয়া হয়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, সাউথ করদোফানে চলমান সহিংসতার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই হামলা হয়েছে, যার ফলে একাধিক হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষের জন্য অবশিষ্ট সীমিত স্বাস্থ্যসেবাও হুমকির মুখে পড়েছে।