ঢাকা: জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ঘটনাটি ঘটে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ তারা আহত হয়।
ইনকিলাব মঞ্চের নিতে কর্মীরা দাবি করেন জাবেরের পায়ে গুলি করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।