Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাকিংকারী কর্মকর্তার মুক্তিতে বিএনপি চাপ সৃষ্টি করেছে: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৯

ঢাকা: জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তির বিষয়ে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে দাবি করেছেন দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আটক বঙ্গভবনের ওই কর্মকর্তার মুক্তির দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে পোস্ট দিয়েছেন। এসব ঘটনা ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা বা বড় ধরনের ঘটনাকে উসকে দেবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনুম জুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতার উপর হামলা চালিয়ে আহত করার নিন্দা জানান এহসানুল মাহবুব জুবায়ের।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সারাদেশে বেশ কিছু খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে- ব্যবসায়ী, শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুবায়ের বলেন, বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন এবং প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেট-১ আসন ও কক্সবাজারের জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের আসন।

প্রিসাইডিং কর্মকর্তার হুমকি-ধামকির বিষয়ে তিনি বলেন, সারা দেশে যেসব প্রিসাইডিং কর্মকর্তা নিয়োজিত তাদের হুমকি-ধামকি দিচ্ছেন কতিপয় কর্মকর্তা।

এছাড়াও ঢাকা-১ আসনসহ দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো বিষয় তুলে ধরেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের উদ্বেগ প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার করছে। এরমধ্যে যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে বিএনপির নেতারা জড়িত। ময়মনসিংহের ভালুকার এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও দেশের বিভন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার ঘটনাও রয়েছে।

ব্রিফিংয়ের সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

বিজ্ঞাপন

খুলনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৪

আরো

সম্পর্কিত খবর