Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে জামায়াতের শেষ নির্বাচনি জনসভা আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২

সিলেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে শেষ নির্বাচনি জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে জনসভাটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দিবেন।

এর আগে তিনি হেলিকপ্টার যোগে হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুলাউড়ায় জনসভায় যোগ দিবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। নির্বাচনের আগে এটিই হবে জামায়াতের শেষ নির্বাচনি জনসভা।

জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

জনসভা উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন সিলেট জামায়াতের নেতারা। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতারা।

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, এবারের সম্মেলনে বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নারীকর্মী উপস্থিত হবেন। জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১০টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

জনসভা সফলে এরই মধ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জনসভাকে কেন্দ্র করে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত নেতারা বলেন, আমরা জনসভাকে সফল করতে সাংবাদিকসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জনসভায় যোগদানের জন্য জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন।

অন্যদিকে জনসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জনসভা নিরাপত্তা নিশ্চিত করতে আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ সুপার (এসএমপি) আব্দুল কুদ্দুস চৌধুরী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর