ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের আনুষ্ঠানিক প্রচার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে।
বিধি অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় ও পদ্ধতি
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন করা হবে।
মাঠে থাকছেন সহস্রাধিক ম্যাজিস্ট্রেট
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা নিয়েছে কমিশন। এক হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তারা মূলত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে নির্বাচনী অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করবেন।
পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেটরাও (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মাঠে অবস্থান করবেন। ইতোমধ্যে ‘ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ তাদের কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে কমিশন।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, নির্বাচনে ২৯৯টি আসনে ২ হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র এবং বাকিরা ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী।
এবার ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, ওই দিন নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।