Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতায় কে যাবে তা জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় কে যাবে তা জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে। এই ম্যান্ডেট কেবল জনগণের।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে আইআইএলডির জনমত জরিপের ফলাফল নিজ ভেরিফায়েড পেজে শেয়ার করে তিনি এসব কথা লেখেন।

জামায়াত আমির তার পেজে লিখেন, বারাক ওবামা “Yes We Can” স্লোগান নিয়ে জয়ী হওয়ার আগে সংবাদপত্রগুলো বলেছিল একজন কৃষ্ণাঙ্গ মানুষ কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। শ্রীলঙ্কা এবং নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনগুলো সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে বড় দলগুলোকে পরাজিত করেছে। নিউ ইয়র্কে জোহরান মামদানি সাধারণ ভোটারদের সমর্থনে জয় ছিনিয়ে এনেছেন।

বিজ্ঞাপন

তিনি লিখেন, মাত্র একবছর আগেও আমার দলকে নগণ্য মনে করে গণনার বাইরে রাখা হয়েছিল; বলা হয়েছিল যে আমরা মাত্র হাতেগোনা কয়েকটি আসন পাব। আজ সেই জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটিই এখন জনগণের ট্রেন্ড। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো কিছুই তাদের থামাতে পারে না।

ডা. শফিকুর রহমান আরও লিখেন, আমার দল কখনো ভয়ভীতি দেখানোর রাজনীতি করেনি এবং করবেও না। আমাদের কোনো ভুয়া ভোটার নেই, আর নির্বাচন কারচুপি করারও আমাদের কোনো প্রয়োজনও নেই। তবে যদি কেউ জনগণের ভোট চুরি করার চেষ্টা করে বা জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, তবে আমরা জনগণকে সাথে নিয়ে সেই অধিকার রক্ষা করব, ইনশাআল্লাহ; ঠিক যেভাবে আমরা ২৪-এর জুলাইয়ে আমাদের দেশকে রক্ষা করেছিলাম।

ক্ষমতায় কে যাবে তা জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে। এই ম্যান্ডেট কেবল জনগণের বলেও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর