ঢাকা: আজ বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বায়ু মান সূচক (AQI) রেকর্ড করা হয়েছে ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২৫৬) এবং তৃতীয় স্থানে কুয়েত সিটি (স্কোর ২১৭)। তালিকায় চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ু মান স্কোর ২১৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ু মান সূচক ৫১–১০০ হলে তা গ্রহণযোগ্য, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান বায়ু পরিস্থিতি বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।